
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।
রাঙ্গামাটির বিলাইছড়িতে উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার দীঘলছড়িতে গত শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী আড়ম্বরপূর্ণ আয়োজনে ৪৬তম দানোত্তম মহান কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিহার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই পবিত্র অনুষ্ঠানে সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, পঞ্চশীল পাঠ, সংঘদান ও পিন্ডদানসহ নানাবিধ ধর্মীয় কর্মসূচি পালিত হয়। দ্বিতীয় পর্বে বিকালে জগতে সকল প্রাণীর সুখ ও বিশ্বশান্তি কামনায় মঙ্গলাচরণ পাঠ, কল্পতুরু ও কঠিন চীবর দান সম্পাদন করা হয়।

অনুষ্ঠানে আর্য্যলঙ্কার মহাস্থবির সভাপতিত্ব করেন এবং বিপুল জ্যোতি মহাথের প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন। এ সময় বিভিন্ন এলাকার ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
এছাড়াও, বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া এবং বিহার পরিচালনা কমিটির সভাপতি অরুন বিকাশ চাকমা ও সাধারণ সম্পাদক অমৃত সেন তঞ্চঙ্গ্যাসহ শত শত পূণ্যার্থী উপস্থিত থেকে দানকার্যে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় প্রদীপ ও ফানুস উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।