
ব্যবসায়িক ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারে বক্তাদের আহ্বান

মো.সাইদুল ইসলাম, মৌলভীবাজার (জেলা) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির ৪র্থ সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় বিপুলসংখ্যক ব্যবসায়ী ও সদস্যদের উপস্থিতি উৎসবের আমেজ তৈরি করে।
সভায় সভাপতিত্ব করেন পৌর বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোলেমান মিয়া। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু শংকর লাল সাহ, বাবু রিন্টু দেব রায়, মো. আবু তালেব, নুরুল ইসলাম পুষ্প, হাজী সিরাজুল ইসলাম, মো. রাসেল হাসান বক্ত, মো. সুয়েব আহমেদ, ইয়াকুব আলী সিরাজী, সৈয়দ নাজমুল হাসান মিটু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এমএ ওয়াহিদ রুলু, সাইফুর রহমান ও মাসুম আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতি শুধু ব্যবসায়িক স্বার্থ রক্ষার সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের সামাজিক কল্যাণ, ঐক্য ও উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। স্থানীয় অর্থনীতি সচল রাখতে এবং বাজারে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, বাজারের উন্নয়ন, নিরাপত্তা, অবকাঠামো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে বাজারটিকে একটি আদর্শ ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সভায় সমিতির সহসভাপতি কাজী মো. মামুনুর রশীদ সমিতির বার্ষিক আয়-ব্যয়ের আংশিক হিসাব উপস্থাপন করেন। তবে বর্তমান কোষাধ্যক্ষ অনুপস্থিত থাকায় পূর্ণাঙ্গ হিসাব উপস্থাপন করা সম্ভব হয়নি। সভাপতির নির্দেশে পরবর্তী সাধারণ সভায় পূর্ণাঙ্গ হিসাব উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতি গোলাম কিবরিয়া শফি বলেন, “আমাদের সকল সফলতা এসেছে আপনাদের সহযোগিতা ও ঐক্যের ফলেই। ব্যর্থতা থাকলে তার দায়ভার আমি গ্রহণ করি। আমরা চাই, ভবিষ্যতে এই সংগঠনকে আরও সুসংগঠিত, সেবা-মুখী ও আধুনিক ব্যবসা ব্যবস্থাপনায় রূপ দিতে।”
তিনি আরও বলেন, “ভানুগাছ বাজার পৌর বণিক সমিতি হবে এমন একটি সংগঠন, যেখানে প্রতিটি ব্যবসায়ী সমান মর্যাদা ও সহযোগিতা পাবেন। বাজারের সার্বিক উন্নয়নে আমরা পৌরসভা ও প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাব।”
প্রায় ২৫০ জন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সাধারণ সভা প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ে ভরপুর ছিল। সভার শেষে সভাপতি উপস্থিত সকল ব্যবসায়ী ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামী সাধারণ সভায় যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।