
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
তেঁতুলিয়া নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চলমান ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’-এর সময় বাউফলে অভিযান টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ–পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে নদীতে ইলিশ ধরতে থাকলে অভিযানে অংশ নেওয়া টিম তাদের কয়েকটি ট্রলার তাড়া করে। এতে ক্ষিপ্ত জেলেরা অভিযানকারীদের ওপর হামলা চালায়।
হামলায় স্পিডবোট চালক ও ট্রলার মাঝিসহ অন্তত কয়েকজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে তিনজন জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলু।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।