
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জৈনপুর এলাকায় গড়ে উঠেছে একাধিক অবৈধ চুনা ফ্যাক্টরি। এসব ফ্যাক্টরিতে কোনো বৈধ অনুমোদন ছাড়াই উৎপাদন কার্যক্রম চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে একদিকে যেমন সরকারের লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ এসব চুনা ফ্যাক্টরি গ্যাস সংযোগ ব্যবহার করছে বেআইনিভাবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সময় সময় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেও, কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে বিকেলে আবার সংযোগ চালু হয়ে যায়। এতে প্রশাসনের কার্যক্রম ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসীরা জানান, “প্রতিবার গ্যাস লাইন কেটে দেওয়ার পরও আবার চালু হয়ে যায়। এতে তিতাস গ্যাসের রাজস্ব হারানোর পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে। আমরা স্থায়ীভাবে এসব অবৈধ ফ্যাক্টরির গ্যাস সংযোগ বন্ধের দাবি জানাই।”
তারা আরও বলেন, “অবৈধ ফ্যাক্টরিগুলোর ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, কৃষি ফসল ও গাছপালা নষ্ট হচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত এসব ফ্যাক্টরি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।