
মো. রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাউফল রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করার পর স্থানীয় পর্যায়ে রাজনৈতিক মাঠ আরও সরব হয়ে উঠেছে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় এবার দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক উৎসব বা শোডাউন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দায়িত্বশীল নেতারা।
বিগত প্রায় ষোল–সতেরো বছর ধরে দলে সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত থাকলেও বাউফলে বিএনপির নেতৃত্ব কাঠামোতে তৈরি হয়েছে একাধিক সম্ভাবনাময় নেতৃত্ব। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে কমপক্ষে ছয়জন নেতা জাতীয় নির্বাচন লড়ার সক্ষমতা রাখেন—যা দলটির জন্য ইতিবাচক দিক।
তিন সম্ভাব্য শীর্ষ নেতার অবস্থান
বাউফল বিএনপির আলোচনায় সবচেয়ে বেশি যে তিন নেতাকে ঘিরে মনোনয়ন টানাপোড়েন— বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার এবং বাউফল থেকে বিএনপি দলীয় একমাত্র সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।
তিনজনই দীর্ঘদিন ধরে নিজস্ব অবস্থান, সাংগঠনিক দক্ষতা এবং কর্মী-সমর্থকদের সক্রিয়তায় স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছেন। তাদের প্রত্যেকেই জনপ্রিয়তা ও যোগ্যতার বিচারে দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
পূর্বের নির্বাচনী অভিজ্ঞতা
তিনজন নেতার ভেতর দু'জন—শহিদুল আলম তালুকদার ও ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা রয়েছে।
শহিদুল আলম তালুকদার ১৯৯৬ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আ স ম ফিরোজের কাছে মাত্র ২৮ ভোটে পরাজিত হন। তবে ২০০১ সালের নির্বাচনে প্রায় ১৭ হাজার ভোটের ব্যবধানে ফিরোজকে পরাজিত করে বাউফল থেকে বিএনপির প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পান। যদিও সেবারও তিনি আ স ম ফিরোজের কাছে হেরে যান।
অন্যদিকে মু. মুনির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল সভাপতি ও পরে ডাকসুর মিলনায়তন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতিতে পরিচিত মুখ হলেও জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার নেই।
মনোনয়ন যাঁর, পথচলা তাঁর
স্থানীয় নেতাকর্মীদের মতে, তিনজনই মনোনয়ন পাওয়ার যোগ্য হলেও দল একজনকেই নির্বাচনী প্রতিযোগিতায় পাঠাবে। বর্তমান দলের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতার ভারসাম্য বিবেচনায় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে দল বেছে নিতে পারে—এমন জনমত এখন এলাকায় স্পষ্ট। অনেকেই মনে করছেন, এটি সম্ভাব্যভাবে তার শেষ নির্বাচনী লড়াইও হতে পারে।
সেক্ষেত্রে ভবিষ্যতে বাউফল বিএনপির নেতৃত্বে ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার ও মু. মুনির হোসেন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পাবেন বলে ধারনা রাজনৈতিক বিশ্লেষকদের।
প্রতিপক্ষের সুযোগ ও প্রভাব
বিএনপির মনোনয়ন ঘিরে স্থানীয়ভাবে যে প্রতিযোগিতা তৈরি হয়েছে, তার সুযোগ নিতে পারে আওয়ামী লীগ ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষ। এর প্রভাব সরাসরি পড়তে পারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে—এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672