
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলা সদরে বিএনপির কার্যালয় থেকে ‘মুরাদনগরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ঝাড়ু হাতে নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই একজন পরীক্ষিত ও জনপ্রিয় রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
সমাবেশে আরও অভিযোগ করা হয়, কিছু ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কায়কোবাদকে ঘিরে গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের পেছনে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কায়কোবাদের বিরুদ্ধে নতুন করে কোনো ষড়যন্ত্র বা মিথ্যাচার চালানো হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। প্রয়োজনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণ খেলাপির পাশাপাশি তুরস্কের নাগরিক। তার এই বক্তব্যের পরই মুরাদনগরজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।