
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বৈষম্যহীন এক দফা এক দাবি বাস্তবায়ন ও নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাউফল উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বাউফল উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল হক।
বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানাভাবে বৈষম্যের শিকার হয়ে আসছেন। জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। দ্রুত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে বক্তারা স্লোগান দেন—
“হয়তো আমাদের ভাত দেন, না হয় মুখে বিষ দেন—আগে নয় নির্বাচন, আগে চাই প্রজ্ঞাপন।”
এছাড়া তারা বলেন, “আর নয় কালক্ষেপণ, এখনই চাই প্রজ্ঞাপন।”
বক্তারা দাবি করেন, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।