
নুরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি পুকুর থেকে বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় পুলিশ বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়।
ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, সংরক্ষণের উদ্দেশ্যে পুকুরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে রাখা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। প্রথমে সেচযন্ত্র দিয়ে পুকুরের পানি সরানো হয়। পানি কমে এসে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে ৪ টি বিদেশী পিস্তল, ২ টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১৬ টি পিস্তলের গুলি, ২ টি কার্তুজ, ১শ’ টি বিভিন্ন আকারের ধারালো অস্ত্র, ৮ টি চাইনিজ কুড়াল, শরকির ধারালো অংশ রয়েছে।
বেলা ১১ টা থেকে অভিযান শুরু করে বিকেলে অস্ত্রগুলো উদ্ধার হয়।
তিনি জানান, থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের সাথে মিল নেই। নির্বাচন সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।