
রাইসুল ইসলাম রিফাত, নকলা প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় অবৈধভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এর লোগো ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের দায়ে দুইটি কারখানাকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পূর্ব চরকৈয়া ও জালালপুর এলাকায় পরিচালিত অভিযানে আলিফ ফুড এন্ড বেকারীকে ৩৫ হাজার টাকা এবং মিথিল আইসক্রিম এন্ড ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, আইসক্রিম, চিপস, চানাচুর ও মটর ভাজা উৎপাদন ও সংরক্ষণ করছিল। অভিযানে দেখা যায়, শিশু খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রং ব্যবহার করা হচ্ছে এবং সফট ড্রিংক পাউডারে ট্যাং জাতীয় পণ্যে মাত্রাতিরিক্ত এসপারটেম মেশানো হচ্ছে, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এছাড়া বৈধ অনুমোদন ছাড়া পণ্যের মোড়কে বিএসটিআই লোগো ব্যবহার এবং হালাল সনদ না থাকা সত্ত্বেও প্যাকেটে হালাল উল্লেখ করে বাজারজাত করার অভিযোগও প্রমাণিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উৎপাদিত ও সংরক্ষিত বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।