
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীর তানোর উপজেলার ৭ নং চান্দুরিয়া ইউনিয়নের গাগরন্দ চকপাড়া গ্রামে গৃহবধূ রিয়ার (পূর্ণ নাম জানা যায়নি) রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা। এ ঘটনায় স্বামী রানা ইসলামের বিরুদ্ধে আঙুল তুলছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল রানা ইসলাম ও তার স্ত্রী রিয়ার মধ্যে। প্রতিবেশীদের দাবি, টাকার দাবিকে কেন্দ্র করে প্রায়ই রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। একাধিকবার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে।
ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডার পর একপর্যায়ে রিয়াকে তার নিজ কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তবে স্থানীয়দের একটি বড় অংশের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের নির্যাতন ও অর্থসংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পর অভিযুক্ত স্বামী রানা ইসলামকে এলাকায় দেখা যায়নি বলেও অনেকে দাবি করেছেন।
তানোর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
এদিকে, রিয়ার পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গ্রামে এখন শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ঘটনার সঠিক রহস্য উদঘাটন না হলে এলাকায় উত্তেজনা বাড়তে পারে।