
মোঃরাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে রাতের আধারে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাচারি এলাকায় অবস্থিত মন্দিরটিতে এ ঘটনা ঘটে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এতে মন্দিরের একটি কালীমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়ভাবে হিন্দু-মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে তারা দাবি করেন, বহিরাগত চক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে।
ঘটনার খবর পেয়ে বাউফল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং মন্দির প্রাঙ্গণে ফরেনসিক পরীক্ষা চালানো হবে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।