
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে ডিজেল ক্রয় করে মজুদ করার অভিযোগে মোঃ মিকাইল হোসেন (২১) নামের এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ এলাকায় মনোয়ারা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে মনোয়ারা ফিলিং স্টেশন থেকে ৩২০ লিটার ডিজেল ক্রয় করে একটি ট্রলি গাড়িতে বহন করে নিয়ে যাচ্ছিলেন ওই যুবক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এসময় থানা পুলিশ উপস্থিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে মিকাইলক হোসেনকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বহন করা ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিন বলেন, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দ্যোশে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করছে।
তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।