
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
পবা-মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন উন্নয়নে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি প্রতিটি ইউনিয়নের সব ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় এমপি মিলন উপস্থিত সবার সমস্যা, অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং তা লিপিবদ্ধ করেন। এলাকাবাসী ভাঙাচোরা রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ নানা সমস্যা তুলে ধরেন। পাশাপাশি অনেকে বিগত সময়ে মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার হওয়ার অভিযোগ করে সেসব থেকে মুক্তির জন্য সহযোগিতা কামনা করেন।
সব অভিযোগ শোনার পর এমপি মিলন অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “আমি শুধু নির্বাচিত হয়ে এলাকায় ঘোরাঘুরি করার জন্য আসিনি; জনগণের সব সমস্যার সমাধান করাই আমার লক্ষ্য। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় পবা-মোহনপুরকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকায় পরিণত করতে কাজ করে যাবেন। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী, সদর উদ্দিন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও দর্শনপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ সভায় অংশ নেন।