
মোঃ নুরুল ইসলাম, সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধ :
ফরিদপুরের সদরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা জসিম উদ্দিনের বৌভাত অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার উজির খাঁর কান্দি গ্রামে জসিমের নিজ বাসভবনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন।
অনুষ্ঠান সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ডাকসু নেতা জসিম উদ্দিনের বৈবাহিক উত্তর-সংবর্ধনা (বৌভাত) উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এই আনন্দঘন মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একঝাঁক ছাত্রনেতা ও জসিমের সহপাঠীরা সদরপুরে ছুটে আসেন। ডাকসু ভিপি সাদিক কায়েম অনুষ্ঠানে পৌঁছালে স্থানীয় ছাত্রসমাজ ও সুধীজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বৌভাত অনুষ্ঠানে ভিপি সাদিক কায়েম নবদম্পতির উজ্জ্বল ও সুখী ভবিষ্যৎ কামনা করেন। এসময় তিনি উপস্থিত স্থানীয় তরুণ ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য বিনিময় করেন। সংবাদকর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, “জসিম আমাদের অত্যন্ত প্রিয় এবং দক্ষ একজন সহকর্মী। তার জীবনের এই নতুন যাত্রায় সঙ্গী হতে পেরে আমি আনন্দিত। সদরপুরের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।”
অনুষ্ঠানে জসিমের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও ফরিদপুর-৩ এ জামায়াতের সংসদসদস্য পদপ্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব, ফরিদপুর-৪ আসনের সংসদসদস্য পদপ্রার্থী মাওলানা সরোয়ার হোসেন, জামায়াতের ফরিদপুর জেলা আমীর মোঃ বদরুদ্দিন, সদরপুর উপজেলা আমীর দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ডাকসুর শীর্ষস্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
জসিম উদ্দিন তার ব্যক্তিগত এই অনুষ্ঠানে সুদূর ঢাকা থেকে আসার জন্য ভিপি সাদিক কায়েমসহ সকল সহকর্মী ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।