
মোঃ ইউনুছ কুমিল্লা মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। আর এ উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পান্তা-ইলিশের ঐতিহ্য। তবে দেশে ইলিশের কোনো দৃশ্যমান সংকট না থাকা সত্ত্বেও কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের বর্ষবরণ আয়োজনে ইলিশের পরিবর্তে তেলাপিয়া মাছ পরিবেশনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
উপজেলা প্রশাসনের দাওয়াতে তেলাপিয়া দিয়ে আপ্যায়নের বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ঐতিহ্যবাহী এই আয়োজন থেকে কেন বাদ পড়ল ইলিশ?
সমালোচকদের দাবি, পহেলা বৈশাখের মতো জাতীয় সাংস্কৃতিক উৎসবে পান্তা-ইলিশ শুধুই একটি খাবার নয়, বরং এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগের প্রতীক। সেই জায়গায় তেলাপিয়া পরিবেশন করাকে তারা “ঐতিহ্যের অবমূল্যায়ন” হিসেবে দেখছেন।
অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা না পাওয়া গেলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বাজেট, সহজলভ্যতা এবং বৃহৎ পরিসরের আয়োজন বিবেচনায় রেখেই বিকল্প হিসেবে তেলাপিয়া নির্বাচন করা হতে পারে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, রাষ্ট্রীয় বা প্রশাসনিক আয়োজনগুলোতে প্রতীকী বিষয়গুলোর গুরুত্ব অনেক বেশি। তাই এমন আয়োজনে জনগণের সাংস্কৃতিক প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া জরুরি।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সবশেষে প্রশ্ন থেকেই যায় ঐতিহ্যবাহী উৎসবে প্রতীকী দিকগুলো উপেক্ষা করে কেবল বাস্তবতার যুক্তি কতটা গ্রহণযোগ্য? নাকি এখানে আরও স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন?