
মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
আট বছরের মেয়েকে নিজের কাছে রাখতে চান বাবা। অন্যদিকে, মেয়েকে নিয়েই জীবনযাপন করছিলেন মা। এ নিয়ে সাবেক স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে শেষ পর্যন্ত প্রাণ গেল মায়ের। কুমিল্লার মুরাদনগরে প্রকাশ্যে বাজারের মধ্যে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে চৌধুরী বস্ত্রালয়ের সামনে কাঁচাবাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শরিফ মিয়া (৩৫) পলাতক রয়েছেন।
নিহত সুখিয়া বেগম দেবীদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত শরিফ মিয়ার বাড়িও একই গ্রামের মধ্যপাড়া এলাকায়। তিনি তাজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে সুমাইয়া আক্তার নামে আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
বিচ্ছেদের পর মেয়েকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করছিলেন শরিফ। অন্যদিকে, সুখিয়া মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়েকে সাবেক স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় সুখিয়ার ওপর ক্ষুব্ধ ছিলেন শরিফ। এর জেরেই সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজারে সুখিয়াকে ছুরিকাঘাত করেন তিনি। এতে গুরুতর আহত হয়ে তাঁর মৃত্যু হয়।
ঘটনার একটি দৃশ্য স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। জনবহুল বাজারে দিনের বেলায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।