
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালনার অভিযোগে আমতলী ডায়াবেটিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন আমতলী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান।
অভিযান চলাকালে খবর পেয়ে তালুকদার ডেন্টালের লোকজন দ্রুত প্রতিষ্ঠান তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ছাড়া হিউম্যান কেয়ার ক্লিনিকও পরিদর্শন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন—আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় কুমার হালদার, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাবেরা পারভিন মুন্নী এবং আমতলী থানার পুলিশ কর্মকর্তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাইসেন্স না থাকায় আমতলী ডায়াবেটিক ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ লাইসেন্স সংগ্রহের জন্য তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানের পরিচালক মো. মিজানুর রহমান জরিমানার টাকা পরিশোধ করেন।
সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, “স্বাস্থ্য খাতে অনিয়ম ও অবৈধ কার্যক্রম রোধে এ অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সঠিক ও নিরাপদ সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় কুমার হালদার বলেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত ডায়গনস্টিকটিতে লাইসেন্স না আসা পর্যন্ত এই প্রতিষ্ঠান এর সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাবেরা পারভিন মুন্নী বলেন উক্ত প্রতিষ্ঠানটি আমাদের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, নিয়ম মানতে ব্যর্থ হলে প্রশাসনে উদ্যোগে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।