
ক্রাইম রিপোর্টার: মো: রাজিব খাঁন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র্যাব-৫ এর বিশেষ অভিযানে এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ মাদক কারবারি মো. সিয়াম (১৯)–কে আটক করা হয়েছে। গতকাল রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও মাদক নির্মূলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি দল মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। এ সময় গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. সিয়ামকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী এলাকা থেকে সংঘবদ্ধ একটি মাদক চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন দেশে পাচার করে আসছিল। চক্রের সদস্যরা বিভিন্ন পেশার ছদ্মবেশ ধারণ করে সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করত। গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে র্যাব-৫ দীর্ঘদিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল।
গ্রেপ্তার সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখতেন এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করতেন। তিনি আরও জানান, গতকালও পদ্মার চর থেকে মাদক সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখেন। পরে র্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইনটি উদ্ধার করেন।
র্যাব আরও জানায়, সিয়াম দীর্ঘদিন ধরে মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল এবং পূর্বেও তাকে আটক করার চেষ্টা করা হলেও বিভিন্ন সময়ে তিনি আত্মগোপনে চলে যেতেন। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।