
ক্রাইম রিপোর্টার : মোঃ রাজিব খাঁন
নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে রাজশাহীর তানোর উপজেলায় পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের তথ্যমতে, দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি ভটভটিতে ৪০ বস্তা এমওপি এবং ২০ বস্তা টিএসপি সার বোঝাই করে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ এলাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। সার পাচারের সন্দেহ দেখা দিলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে দেলুয়াবাড়ি–চৌবাড়িয়া সড়কের ভারশোঁ মোড়ে গাড়িগুলো আটক করা হয়।
ভটভটির এক চালক শাহিন আলম জানান, হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার ‘আশরাফ ট্রেডার্স’ ও খুচরা বিক্রেতা রবিনের কাছ থেকে সারগুলো কিনেছিলেন। তালন্দ এলাকায় নেওয়ার জন্য তিনটি ভটভটি ভাড়া করেন তিনি। পথে প্রশাসন সারগুলো আটক করে।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, “সারগুলো তানোরে পাচারের সংবাদ পেয়ে সেনাবাহিনী ও এসি ল্যান্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।” জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে বলে জানান তিনি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, জব্দকৃত সার কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।