
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে পৌর শহরে এ বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের পুত্র রাইয়ান আকাশ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. শাহিন রেজা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।
নেতারা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের হামলা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।