
নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
নির্বাচনী প্রচারণার চিরাচরিত ধারার বাইরে গিয়ে এক ভিন্নধর্মী আমেজ তৈরি করলেন ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। রবিবার (২১ ডিসেম্বর) চরভদ্রাসন উপজেলার আমলের ব্রীজ এলাকায় প্রচারণা চালানোর সময় নিজ হাতে ঝালমুড়ি তৈরি করে ভোটার ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন তিনি। একজন সম্ভাব্য জনপ্রতিনিধির এমন সাদামাটা ও আন্তরিক আচরণে মুগ্ধ স্থানীয় সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে ওই এলাকায় লিফলেট বিতরণ করছিলেন মুজাহিদ বেগ। প্রচারণার এক পর্যায়ে বিরতি নিতে তিনি স্থানীয় ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’ নামক একটি নির্মাণ সামগ্রীর দোকানে বসেন। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলার সময় হঠাৎ করেই ঝালমুড়ি তৈরির উদ্যোগ নেন তিনি। বড় এক গামলায় নিজ হাতে মুড়ি মেখে উপস্থিত ভোটার ও সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেন।
দোকানের মালিক মো. কামরুল হাসান নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “ঝালমুড়ি আমাদের খুব প্রিয় একটি খাবার। কিন্তু আমাদের আসনের একজন প্রার্থী নিজে মুড়ি মেখে আমাদের খাওয়াবেন, এটা কখনও ভাবিনি। এর আগে কোনো প্রার্থীকে এভাবে আমাদের সাথে মিশতে দেখিনি। আমার দোকানে বসে তিনি এই কাজ করায় আমি ও আমার এলাকার মানুষ অনেক আনন্দিত।”
মুজাহিদ বেগের ঝালমুড়ি মাখার এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ বলেন, “তফসিল ঘোষণার পর থেকে আমি আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি। চরভদ্রাসনে আমার জন্ম, এখানকার মানুষ আমার আপনজন। লিফলেট বিতরণের সময় ক্লান্ত হয়ে আমলের ব্রীজ এলাকার ওই দোকানে একটু বসেছিলাম। তখন প্রিয় মানুষগুলো পাশে আসায় স্বতঃস্ফূর্তভাবেই ঝালমুড়ি মাখানোর বিষয়টি ঘটে। এটি কোনো পূর্বপরিকল্পিত প্রচারণা ছিল না।”
তিনি আরও যোগ করেন, “জনপ্রতিনিধি হতে হলে আগে মানুষের মনের কাছাকাছি যেতে হবে। আমি বিজয়ী হই বা না হই, সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য।”
চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত এই আসনে মুজাহিদ বেগের এমন প্রচার কৌশল সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।