
ক্রাইম রিপোর্টার : মোঃ রাজীব খাঁন
রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে গণমাধ্যমকর্মীরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা প্রশাসনের গাফিলতির সমালোচনা করেন। এই ঘটনা সাংবাদিকতার স্বাধীনতা এবং নিরাপত্তার উপর গুরুতর হুমকি সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২.০০টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে (কোর্ট চত্বর) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জানান, রাজশাহীতে ছিনতাই, সশস্ত্র হামলা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তাদের চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে। দোষীদের গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাজিব খাঁন, যিনি দৈনিক চৌকস পত্রিকার রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ, মানববন্ধনে বলেন, “ঘটনার সাত দিন অতিবাহিত হয়ে গেলেও আমার ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার হয়নি। এমনকি একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসনের এই গাফিলতিতে আমরা গভীরভাবে হতাশ।” তিনি আরও জানান, এই হামলা শুধু ব্যক্তিগত নয়, গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, মোঃ রাজিব (৪৪), পিতা—মৃত আমজাদ আলী, বাড়ি—মোহনপুর থানাধীন বসন্ত কেদার (বকপাড়া), গত ১৬ ডিসেম্বর ২০২৫ দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সশস্ত্র ছিনতাইয়ের শিকার হন। এজাহার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি তার Hero HF Deluxe 13S (১০০ সিসি) লাল রঙের, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একটি পালসার মোটরসাইকেলে থাকা তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে।
পরবর্তীতে রাত আনুমানিক ৩টার দিকে পবা থানাধীন হাসেন জুট মিল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। মুখে মানকি টুপি ও মাফলার পরা এক দুর্বৃত্ত রামদা দিয়ে কোপ দিলে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। প্রাণভয়ে তিনি হাসেন জুট মিলের ভেতরে ঢুকে পড়লে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। ইঞ্জিন নম্বর A00504 এবং চ্যাসিস নম্বর C00327।
ঘটনার পর পবা থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী হিসেবে কয়েকজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা শুধু ব্যক্তি নয়, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার উপর সরাসরি হুমকি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ-সম্পাদক মাইনুর রহমান মিন্টু, দৈনিক বাংলাদেশ সমাচারের আফতাবুল হোসেন, দৈনিক ঢাকার মেজবাউল রহমান, চৌকস পত্রিকার ক্রাইম রিপোর্টার মাসুদ রানা, রাজশাহী তলা প্রতিনিধি আতিকুর রহমান, জাতীয় দৈনিক বাংলা প্রতিদিনের মো. লিটন আলী ও রাজশাহী ব্যুরো চিফ মোঃ সারোয়ার হোসেন, Hstv রিপোর্টার মো. হাসান, আন্তর্জাতিক মানবাধিকার সভাপতি (রাজশাহী) এডভোকেট আরিফুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট বেনজির আহমেদ সহ জনসাধারণ।
এই ঘটনা রাজশাহীর অপরাধমূলক পরিস্থিতির প্রতিফলন। গণমাধ্যমকর্মীরা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং নিরাপত্তা বাড়াবে।