
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে উপজেলা জিয়া মঞ্চের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় ভিআইপি রোড থেকে একটি র্যালি বের করে জিয়া মঞ্চের নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের কার্যালয়ে উপস্থিত হন। এসময় নেতাকর্মীদের ধানের শীষ ও “আলম ভাই” শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিএনপি কার্যালয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক পৌর ছাত্রদলের সভাপতি ও বাউফল উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. ফিরোজ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক বাউফল উপজেলা মহিলা দলের সভাপতি এবং বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম লিলি।
এসময় উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য ও দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মাসুদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেলিমসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও জিয়া মঞ্চের সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সালমা আলম লিলি বলেন, “এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের ভোটের জন্য জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। বাউফল থেকে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেব, ইনশাআল্লাহ। ভুল-বোঝাবুঝি ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।”
তিনি জানান, বাউফলে কোনো গ্রুপিং নেই, সবাই জাতীয়তাবাদী পতাকার নিচে ঐক্যবদ্ধ। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে আজ থেকেই ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার বক্তব্য শেষ করেন।