
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ:-
রাজনৈতিক বিশ্বাস ও আত্মত্যাগ কতটা গভীর হতে পারে—তার বিরল উদাহরণ হয়ে থাকবেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৭০)। বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে তুলবেন না—এই প্রতিজ্ঞা নিয়ে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত না খেয়ে শেষ পর্যন্ত জীবন বাজি রাখলেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে দীর্ঘদিনের অসুস্থতার মধ্যেই তাঁর মৃত্যু হয়। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজনকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার অপমান ও ক্ষোভ থেকেই নিজাম উদ্দিন এই ব্যতিক্রমী শপথ নেন। এরপর থেকে তিনি ভাতের পরিবর্তে রুটি, চিড়া, গুড়, কলা ও শুকনো খাবার খেয়ে জীবনযাপন করতেন। পরিবারের সদস্য ও চিকিৎসকদের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি প্রতিজ্ঞা থেকে সরে আসেননি। দীর্ঘদিন ভাত না খাওয়ার ফলে বয়সের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং নানা জটিলতা দেখা দেয়। ২০২৫ সালের অক্টোবরে গুরুতর অসুস্থ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকাসহ বিভিন্ন স্থানে উন্নত চিকিৎসা দেওয়া হয়, তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা বলেন, কোনো পদে না থেকেও তাঁর এই আত্মত্যাগ দলীয় ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুর আলী বাক্স মণ্ডলের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। আজ শুক্রবার বেলা ৩টায় নিজ এলাকায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।