
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে বরগুনা শহরের পৃথক দুটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— বরগুনা সরকারি কলেজ কেন্দ্রের ২ নম্বর কেন্দ্রে ৩০২ নম্বর কক্ষের পরীক্ষার্থী ইয়ামনি এবং আইডিয়াল কলেজ কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষের পরীক্ষার্থী রাসেল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়ামনির কাছ থেকে একটি কমিউনিকেটিভ ইলেকট্রনিক ডিভাইস (মাস্টার কার্ড) এবং রাসেল মিয়ার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে পরীক্ষাকেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হয়। এরই অংশ হিসেবে ইলেকট্রনিক ডিভাইসসহ দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।তিনি আরও জানান, আটক রাসেল মিয়াকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাফর আরিফ চৌধুরী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছেন। অপর পরীক্ষার্থী ইয়ামনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।