
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার, সাইনবোর্ডসহ কার্যালয়ের দরজা-জানালায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে বাজার এলাকায় হঠাৎ করে ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এক পথচারী। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আশপাশের দোকানপাট বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বিএনপি অফিসের ভেতরে ও বাইরে পেট্রোল ঢেলে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। তবে ঘটনার সময় কাউকে সরাসরি আগুন দিতে দেখা যায়নি।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, “কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আমাদের ধারণা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর কিছু লোক এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”