
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীতে প্রথমবারের মতো মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর অডিটোরিয়ামে আয়োজিত প্রথম অডিশনে দিনব্যাপী কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা মো. নূরুল্যাহ এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আদনান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওমর আলী রাজ, সংসদ সদস্য পদপ্রার্থী শওকত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশারফ হোসেন, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি কামরুল হাসান বিন কাসেম এবং বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকান প্রবাসী শেখ মোহাম্মদ মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত অভিজ্ঞ বিচারকদের সমন্বয়ে প্রথম অডিশনে অংশগ্রহণকারী তিন শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৬৫ জনকে দ্বিতীয় অডিশনের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিযোগীদের ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়।
আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) বসুরহাট পৌর অডিটোরিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় অডিশন শেষে চূড়ান্তভাবে নির্বাচিত সেরা ২০ হাফেজে কোরআন আগামী ২৫ ফেব্রুয়ারি বসুরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য ফাইনাল পর্বে প্রতিযোগিতায় অংশ নেবেন।
ফাইনাল পর্বে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগী পাবেন ৫০ হাজার টাকা নগদ অর্থসহ সর্বোচ্চ সম্মাননা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা করে নগদ পুরস্কার ও সম্মাননা পাবেন। এছাড়াও বাকি ১৭ জন সেরা নির্বাচিত প্রতিযোগীকে সম্মাননা উপহার প্রদান করা হবে।