
মোঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন-এ বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খান। নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে।
দীর্ঘ সময় ধরে এ আসনে বিভিন্ন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়ে আসছিলেন। ১৯৯৬ সালে দলটির সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে নির্বাচিত হন। পরবর্তীতে উপনির্বাচনে পঞ্চানন বিশ্বাস বিজয় লাভ করেন। এরপর ধারাবাহিকভাবে নৌকা প্রতীকের প্রার্থীরাই আসনটি ধরে রাখেন।
এবারের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খান এ আসনে বিএনপির নতুন অধ্যায়ের সূচনা করলেন বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন। বিজয়োত্তর প্রতিক্রিয়ায় তিনি সকল ভোটার, বিশেষ করে সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের ফলাফল খুলনা-১ আসন-এর রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। দাকোপ ও বটিয়াঘাটা অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও সহাবস্থানকে অনেকেই সম্প্রীতির ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।
স্থানীয়দের ভাষ্য, এ বিজয় কেবল একটি দলের নয়, বরং এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা ও অংশগ্রহণের প্রতিফলন।