
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল থানা এলাকার চন্দ্রদ্বীপ ইউনিয়নে তরমুজ চাষিকে চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ভুক্তভোগী কৃষক মোঃ মনির হাওলাদার (২৯) জানান, তিনি ও তাঁর ভাই আনোয়ার হাওলাদার চর রায়সাহেব ১নং ওয়ার্ড এলাকায় প্রায় ৫০ কানি জমি একসনা কবলা নিয়ে তরমুজ চাষাবাদ করে আসছেন। অভিযোগ অনুযায়ী, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে তরমুজ চাষ করতে দেওয়া হবে না এবং ক্ষেতের তরমুজ কেটে নিয়ে যাওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠি-সোটা, লোহার রড, জিআই পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তরমুজ ক্ষেতের পাশে থাকা একটি কুঁড়ে ঘরে প্রবেশ করে। সেখানে আনোয়ার হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হন।
তার চিৎকারে এগিয়ে এলে আরও কয়েকজনকেও মারধর করা হয়। হামলায় মোট ৮ জন আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আনোয়ার হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া হামলাকারীরা তরমুজ ক্ষেতের গাছপালা ভাঙচুর করে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। যাওয়ার সময় অভিযুক্তরা পুনরায় চাঁদার টাকা না দিলে তরমুজ বিক্রি করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় ভুক্তভোগী মনির হাওলাদার বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।