
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কাছিপাড়া ইউনিয়ন–এর ৬ নম্বর ওয়ার্ডের মান্দারবন গ্রামের গাজী বাড়ি নাজেম আলী জামে মসজিদের জায়গায় ব্যক্তিগত রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের জমির একটি অংশে বাবুল চৌকিদার নামে এক ব্যক্তি রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনায় মসজিদের ইমাম ও মুসল্লিরা বাধা দিলে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে, বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সঙ্গে কোনো আলোচনা না করেই একক সিদ্ধান্তে কাজ শুরু করা হয়েছে।
মসজিদের ইমাম জানান, তিনি বাধা দিলে তাকে মসজিদে না রাখার হুমকি দেওয়া হয়। মুসল্লি সাবু গাজী অভিযোগ করেন, প্রতিবাদ করলে মারধরের হুমকি দেওয়া হয়েছে। শাহিন গাজী বলেন, “আমরা সবাই মিলে বাধা দিলেও তিনি কারও কথা তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টির সুষ্ঠু সমাধান চাই।”
মুসল্লি সেলিম গাজীর দাবি, মসজিদ কমিটি বা এলাকাবাসীর সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং প্রতিবাদ করলে অশালীন ভাষা ব্যবহার করা হয়। আনোয়ার গাজী অভিযোগ করেন, এককভাবে মসজিদের জায়গা দখল করে রাস্তা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত বাবুল চৌকিদার বলেন, তিনি মসজিদের সহ-সভাপতি এবং প্রতি মাসে এক হাজার টাকা অনুদান দেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাসির গাজী জানান, কমিটির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই রাস্তা নির্মাণ করা হয়েছে। বিষয়টি নিয়ে কমিটির সভাপতির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।