
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে বসুরহাট নির্ঝর কনভেনশন হলে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শাখার আমীর ইসহাক খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খন্দকার রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্ত বায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রমজান আত্মসংযম, ত্যাগ ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে নৈতিকতা চর্চা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণ সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ ও শিপন কমিশনারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার অংশ গ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।