
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় চাঁদা না দেওয়ায় এক ফুটপাত ব্যবসায়ীকে প্রকাশ্যে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে।
মাত্র ১০০ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্ত আজহার নামের এক যুবক মোবাইল ফোন দিয়ে আঘাত করে ওই ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী বাবু (৫০) দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তার মহাসড়কের পাশে ভ্যানগাড়িতে করে আনারস বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকায় ফুটপাত ও মহাসড়কের পাশে বসা দোকানিদের উপর ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান বাড়ায় ব্যবসা-বাণিজ্যে চরম মন্দা দেখা দিয়েছে। এর মধ্যেও থামেনি চাঁদাবাজদের দৌরাত্ম্য।
ভুক্তভোগী বাবু অভিযোগ করে জানান, প্রতিদিনের মতো সেদিনও স্থানীয় একটি চক্রের পক্ষ থেকে তার কাছে ১০০ টাকা করে বাধ্যতামূলক চাঁদা দাবি করা হয়। হাবিবপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে আজহার (৪০) তার কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতে আসে। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে আজহার তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।
ঘটনার সময় আশেপাশে থাকা অন্যান্য ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে আহত বাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিন ধরে একটি চক্র ফুটপাত ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছে। প্রশাসনের চোখের সামনে এ ধরনের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চাঁদাবাজরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দ্রুত অভিযুক্ত আজহারসহ চাঁদাবাজ চক্রের সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় ফুটপাতের অসহায় ব্যবসায়ীরা প্রতিনিয়ত এমন সন্ত্রাস ও চাঁদাবাজির শিকার হতে থাকবে।