
নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রু তার জেরে যুবক মো. সাব্বির (২১) হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামের দিঘির মোড়ে পূর্ব বিরোধের জেরে সাব্বিরের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির উপজেলার বেড়াবাড়ী এলাকার বাসিন্দা এবং মৃত আলমগীর হোসেনের ছেলে।
এ ঘটনায় নিহতের মা মোছা. সাবিনা বেগম বাদী হয়ে সোমবার (২৩ মার্চ) মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বেড়াবাড়ী এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেন খাঁনের ছেলে মো. মঞ্জুর হোসেন খান (৩৮), একই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে তাসমীর আহম্মেদ রুম্মান (২৯), খয়রা দক্ষিণপাড়া গ্রামের সাদেক আলী সরদারের ছেলে নাজমুল হোসেন সোহান (২৮)সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
পরে সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় মোহনপুর থানা পুলিশ উপজেলার বিদিরপুর ফকিরপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি মঞ্জুর হোসেন খানকে গ্রেফতার করে।
মোহনপুর থানার সাব-ইন্সপেক্টর মো. মোদাচ্ছের হোসেন খাঁন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান বলেন, “হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, ঘটনার পর নিহতের পরিবারের খোঁজখবর নিতে মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, মৌগাছি ইউপি সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল ও সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ নিহতের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে নিহত সাব্বিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বেলা আড়াইটার দিকে বেড়াবাড়ী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।