
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের পর তার পিতাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সম্রাট ও তার সহযোগীরা প্রিয়া আক্তারের বাবা বিপ্লব মিয়াকে মৃত ভেবে পুকুরে ফেলে পালিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ঈদের দিন রাত আনুমানিক ১২:৩০ মিনিটে পশ্চিম পাড়ার সিএনজি চালক ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সম্রাট ওই ছাত্রীকে ধর্ষণ করে। এই জঘন্য অপরাধের বিচার চেয়ে আইনের আশ্রয় নেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত ও তার গ্যাং।
গতকাল সন্ধ্যায় সম্রাট, হানিফ ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিপ্লব মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করার পর মৃত ভেবে পাশের একটি পুকুরে ফেলে যায় তারা। বর্তমানে ভুক্তভোগীর বাবা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।এই ঘটনার পর বারেশ্বর এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে মাদক ব্যবসায়ী ও ধর্ষক সম্রাটসহ সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।