
আশিকুর রহমান (টঙ্গী) গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও পরোয়ানাভুক্তসহ মোট তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বাসন থানা পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো শেরপুর জেলার শ্রীবর্দী থানার শালমারা গ্রামের আব্দুস সালামের ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ আহসান মুন্না (২৯)। বর্তমানে তিনি গাজীপুরের বাসন থানার ইটাহাটা (বনোমালি টেক ভাসমান) এলাকায় বসবাস করেন এবং তিনি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি।
অপরজন গাজীপুরের বাসন থানার বারবৈকা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রুস্তম আলী (৩৪)।
এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হলেন, গাজীপুরের বাসন থানার দিঘীরচালা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মহসীন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।