
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে পরিচালিত বুড়িচং জোনাল অফিসের আওতাধীন পূর্ণমতি ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।বিশেষ করে এই এলাকার নিম্ন ও মধ্যবিত্ত আয়ের প্রান্তিক মানুষেরা অতিরিক্ত বিলের চাপে দিশাহারা।ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হলেও, তার চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য।বারবার লোডশেডিং, বাড়ছে ভোগান্তি।
স্থানীয়দের অভিযোগ, ৪ নং ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ এলাকায় লোডশেডিং এখন নিত্যদিনের ঘটনা।দিনে ও রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় এখানকার মানুষ, বিশেষ করে ব্যবসায়ী, শিক্ষার্থী ও কর্মজীবীরা দুর্বিষহ সময় পার করছেন। অসহনীয় গরমে বৈদ্যুতিক পাখার সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবী তাদের কাঁধে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা।সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী কে। যাদের মাসিক ইনকাম খুবই সীমিত।অন্যদিকে বর্তমানে বিদ্যুৎ বিল বাড়ানোর কারনে তাদের বিল গুনতে হচ্ছে প্রায় এক- তৃতীয়াংশ বা তারও বেশি। সাধারণ ব্যবহারের পরেও বিলের পরিমাণ কখনো ১০০০, কখনো ১২০০, আবার কখনো ১৫০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে।তাদের দাবি, মিটার রিডিং বা বিল তৈরির প্রক্রিয়ায় কোথাও বড় ধরনের গরমিল রয়েছে, যার ফল ভোগ করতে হচ্ছে তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, আমরা যা ইনকাম করি তা দিয়ে সংসার চালানো,ছেলে মেয়ের পড়াশোনা খরচ, চিকিৎসা ব্যায়, চালাতে হিমশিম খেতে হচ্ছে।
বর্তমানে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন যা ইনকাম করি মাস শেষে তার প্রায় অর্ধেক টাকা চলে যায় বিদ্যুৎ বিল দিতে। এতো লোডশেডিংয়ের পরেও কেন এতো বিল আসবে? বিষয়টি খতিয়ে দেখা দরকার।”
এই বিষয়ে বুড়িচং জোনাল অফিসের দায়িত্বরত (ডেপুটি জেনারেল ম্যানেজার)মোহাম্মদ দেলোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি এবং অফিসে কর্মরত সাধারণ কর্মীদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় নি।ভুক্তভোগীরা বলছেন, তারা বিলের অসঙ্গতি বা লোডশেডিংয়ের কারণ জানতে চাইলে দায়িত্বরত কর্মীরা কেবল অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়ে এড়িয়ে যান। এতে করে সমস্যা সমাধানের পথ আরও কঠিন হচ্ছে।এলাকাবাসীর দাবি, বুড়িচং পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার দিকে নজর দিক। ঘন ঘন লোডশেডিং বন্ধ করা এবং বিদ্যুৎ বিলের অসঙ্গতি দূর করে সাধারণ জনগন এবং প্রান্তিক জনগোষ্ঠীর এই আর্থিক ও দৈহিক ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য তারা জোর আবেদন জানিয়েছেন।