
মোঃ আমির হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি :
তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে মাটিরাঙ্গা মিনি স্টেডিয়ামে একাডেমীর উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির জৈষ্ঠ্য সহসভাপতি নারায়ন ত্রিপুরা।
মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র পরিচালক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি তুহিন কুমার দে, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল ও মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ রাব্বি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ক্রীড়ার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির জৈষ্ঠ্য সহসভাপতি নারায়ন ত্রিপুরা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, এই একাডেমির মাধ্যমে মাটিরাঙ্গার তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুররুত্বপুর্ণ ভুমিকা রাখবে।
এ উদ্যোগ পাহাড়ী অঞ্চলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন মহল ও তরুন খেলোয়াড়রা।
মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন উপলক্ষে নোয়াখালী খোকন ফুটবল একাডেমী ও মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি ২-০ গোলে জয় লাভ করে।