
আনিসুর রহমান সোনারগাঁ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এবং কাঁচপুর এলাকায় এসব ঘটনা ঘটে। এতে যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরপর দুটি অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দা, পরিবহনশ্রমিক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে জামপুর ইউনিয়নের মীরেরটেক বাজার জামে মসজিদের সামনে। দিনাজপুর থেকে খড়বোঝাই করে আসা ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের একটি ট্রাক মালামাল খালাসের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে ছিল। এ সময় চালক ও তাঁর সহকারী ট্রাকের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
অভিযোগ রয়েছে, রাতের শেষ ভাগে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকচালককে আগুনের বিষয়টি জানান। তিনি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তিকে আগুন দিয়ে পালিয়ে যেতে দেখেছেন বলেও জানান।
পরে চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও চালক ও তাঁর সহকারী অক্ষত থাকেন।
এ ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটি ঢাকা–লাকসাম রুটে চলাচল করছিল। ঘটনার সময় বাসের ভেতরে যাত্রী ছিলেন।
আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে আসেন। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। তবে আগুনে বাসটির ভেতরের বিভিন্ন অংশ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
একই সকালে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় মহাসড়ক ও আশপাশের এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, নাশকতা প্রতিরোধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক এবং আশপাশের সড়কগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে তাঁদের অবস্থানের মধ্যেই কীভাবে এ ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বাস ও ট্রাকে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বাসটি রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
তবে দুটি ঘটনায় একই ব্যক্তি বা চক্র জড়িত কি না, কিংবা এর পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।
পরপর দুটি অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। এখন হামলাকারীদের শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।