
মোঃ মামুন মিয়া (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের দেশবিরোধী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে সাধারণ জনগণসহ উপজেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী নৈরাজ্য সৃষ্টিকারীদের উদ্দেশে বলেন, “নকলা-নালিতাবাড়ীর মাটি বিএনপির ঘাঁটি, সাধারণ মানুষের ঘাঁটি। এই মাটি কারও বাপ-দাদার পৈতৃক ভিটা নয়।”
তিনি আরও বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। এ জন্য তিনি এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।
বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।