
পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর সময় নসিমন থেকে ফেলে যাওয়া দুই বস্তা উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের টহল অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। পুলিশের থামার সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নসিমন থেকে ফেলে যাওয়া দুই বস্তা অলিভ অয়েল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাতে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ।
পুলিশ জানায়, রাতে মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুটপেট্রোল পরিচালনাকালে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় নসিমনটি না থেমে পালিয়ে যায়। পালানোর সময় গাড়ি থেকে দুটি সাদা বস্তা ফেলে দেওয়া হয়। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তপথে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে এসব অলিভ অয়েল দেশে আনা হয়েছে। পরে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। উদ্ধার করা পণ্যের আনুমানিক সিজার মূল্য লক্ষাধিক টাকা।
ভুরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ বলেন, চোরাকারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং জব্দ পণ্যের সঠিক মালিকানা নির্ধারণে তথ্য উদঘাটন করা হচ্ছে। জিডিমূলে উদ্ধার করা মালামাল জব্দ করে থানায় জমা রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুটপেট্রোল পরিচালনা করা হচ্ছে। চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।