
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির নেতা আতাউর রহমান ও নিজাম উদ্দীন মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় কঠিন হুঁশিয়ারি প্রদান করে বলেন, মাদক ছাড়ো নয়তো এলাকা ছাড়ো, আমরা প্রথমবারের মতো এই এলাকায় এসেছি শেষবারের মতো বলে যাচ্ছি, এলাকায় মাদক বিক্রি ও সেবন করা থেকে বিরত থাকুন নয়তো উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তাতেও না হলে পুলিশের সহযোগিতায় মাদক বিক্রি কারবারীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।
গত ২৬ শে আগস্ট মোগরাপাড়া ইউনিয়নের ৭-৮, ৯ ওয়ার্ডের দারোগুল্লা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে আমরা মাদকবিরোধী অভিযানে নেমেছি। আমরা মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, মহল্লা, গ্রামে মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলবো। মাদকের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন আজহারুল ইসলাম মান্নান। যদি বিএনপি’র কোন নেতাকর্মী মাদকের সাথে জড়িত থাকে আমাদেরকে প্রমান সহকারে দিবেন আমরা সাথে সাথে দল থেকে বহিষ্কার করব। মাদকের বিষয়ে কোনো ছাড় হবে না সে যেই হোক।
মাদক বিরোধী অভিযানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, নিজাম উদ্দীন নিজাম বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আপনারা যারাই মাদকের সাথে সম্পৃক্ত আছেন দয়া করে মাদক ছেড়ে ভালো হয়ে যান। আপনাদেরকে মাদক ছাড়ার সুযোগ দেওয়া হল। যদি এরপরও আমাদেরকে আবারো মাদকের জন্য বৈঠক বসতে হয় তাহলে যারা এ মাদকের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী কে সাথে নিয়ে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব। এলাকার জনপ্রতিনিধিদের সাক্ষ্য গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে আমরা বাধ্য হবো। প্রয়োজনে পুলিশ সাথে নিয়ে মাদক কারবারীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।