
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
সারাদেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার বিকেলে বসুরহাট পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বসুরহাট বাজারের হাই স্কুল সড়কে একত্রিত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়।

র্যালি শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।
প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।”