
মোস্তফা মাহমুদ, চর ভদ্রাসন প্রতিনিধিঃ
আজ চর ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নির্দেশনা মোতাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেনের নেতৃত্বে পদ্মা নদীতে আড়াআড়ি বাঁধ, চায়না দুয়ারী, কারেন্ট জাল সহ সকল প্রকার অবৈধ স্হাপনা উচ্ছেদ কল্পে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে সহযোগিতা করেন চর ভদ্রাসন থানার একটি চৌকস পুলিশ টিমের সদস্য ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী বৃন্দ।
জানা যায় সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলাকালীন এ অভিযানে নদীতে অবস্থিত ৬ টি আড়াআড়ি বাঁধ ২ টি ভেসাল অপসারণ সহ ১০ টি চায়না দুয়ারী ও ১০ কেজি মাছ জব্দ করা হয়।উচ্ছেদকৃত বাঁধের পরিমাণ ৩.৫ কিলোমিটার। পরে উদ্ধারকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী লোক সম্মুখে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয় এবং জব্দকৃত ১০ কেজি মাছ স্হানীয় বাদুল্লা মাতুব্বরের ডাংগী মদিনাতুল উলুম মাদ্রাসায় বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন জানান আগামীতে এ ধরনের অবৈধ বাঁধ ও স্হাপনা উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে।