
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করার ঘটনায় অভিযুক্ত যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় বলে জানা গেছে। এ তথ্য প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা ও তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।

পুলিশের পিসিআর (PCR) রিপোর্ট অনুযায়ী, ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজসংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি বর্তমানে ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটি (বাসা নং-৪১, রোড নং-০৯)-এ বসবাস করতেন। এ ছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলেও পিসিআর রিপোর্টে উল্লেখ আছে।
ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্টের তথ্য ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
উল্লেখ্য, রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় ঘটনার দিন দুপুরে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্তের বাড়ি বাউফলে—এ তথ্য জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আইনগত অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।