
শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসামান্য সাফল্য অর্জন করেছে পাবনার ফরিদপুর উপজেলা। এ কার্যক্রমে টানা তৃতীয়বারের মতো প্রথম স্থান অধিকার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলাটি।
সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর সমন্বিত উদ্যোগে এ সাফল্য অর্জিত হয়েছে।
এই অর্জনের মধ্য দিয়ে ফরিদপুর উপজেলার প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা এবং নাগরিক সেবা প্রদানে আন্তরিকতার প্রতিফলন ঘটেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। শিশুর জন্মের পর জন্মনিবন্ধন এবং মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
উপজেলা প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।