
রাজশাহী : প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীর কাকনহাটে আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ আটক করতে গিয়ে পরে ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার মধ্যস্থতায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কাকনহাট বাজারের একটি ওষুধের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ছাড়া পাওয়া ব্যক্তি সারওয়ার মোর্শেদ রুবেল। তিনি কাকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কাকনপাড়া গ্রামের মোহসীন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কাকনহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা রুবেলকে আটক করে ফাঁড়িতে নেওয়ার উদ্যোগ নেন। এ সময় ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম তাঁর সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন। একপর্যায়ে তাঁকে পুলিশের গাড়িতেও তোলা হয়। পরে খবর পেয়ে কাকনহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশি ঘটনাস্থলে যান। রাত ৮টার দিকে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে বিএনপির দায়িত্বশীল নেতাদের ভূমিকা রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। কেউ কেউ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।
কাকনহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইনাল বলেন, আওয়ামী লীগ নেতা রুবেলকে গ্রেপ্তারের জন্য পুলিশ এসেছিল, বিষয়টি সত্য। পরে পুলিশ মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়। এ সময় বিএনপি নেতা সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগ নেতার পক্ষে তদবিরের বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা ভালোভাবে দেখছেন না।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় যারা সহযোগিতা করেছেন, তাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াসিম বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি রুবেলকে বেঞ্চের ওপর শুয়ে থাকতে দেখেন। পুলিশ লেখালেখি শেষে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দিয়েছে। তবে বিএনপির কাউকে আওয়ামী লীগ নেতাদের ছাড়ানোর অনুমতি দলের হাইকমান্ড দেয়নি।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সেলিম আহমেদ বলেন, রুবেল তাঁর ভাগ্নে। তাঁর হার্টে রিং পরানো আছে এবং চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা রয়েছে। বাজারে বসে থাকা অবস্থায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। অসুস্থতার কথা জানার পর পুলিশ চলে যায়। তাঁকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
কাকনহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম বলেন, তাঁরা মাদকবিরোধী অভিযানে যাওয়ার পথে ওষুধের দোকানের সামনে রুবেলের সঙ্গে দেখা করেন। তিনি অসুস্থতার কথা জানালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে স্থানীয় একজন চিকিৎসকের কাছে তাঁকে রেখে পুলিশ চলে যায়। কারও সুপারিশে তাঁকে ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।