
মোঃরাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘদিন ধরে বিতর্ক ও নানা অভিযোগের মুখে থাকা কাছিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসানকে অবশেষে বদলি করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে তাকে কাছিপাড়া ইউনিয়ন পরিষদ থেকে সরিয়ে কনকদিয়া ইউনিয়ন পরিষদে পদায়ন করা হয়।
জেলা প্রশাসনের জারি করা আদেশে কঠোর অবস্থানের প্রতিফলন দেখা যায়। আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাকে ২১ জানুয়ারির মধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও যোগদান না করলে ২২ জানুয়ারি সকাল থেকে তাকে ‘তাৎক্ষণিক অবমুক্ত’ (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাছিপাড়া ইউনিয়নে দায়িত্ব পালনকালে মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়াও অফিসে অনুপস্থিত থাকা, সাংবাদিকের ওপর হামলা, ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এবং নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদের হিসাব প্রদান না করার মতো একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। এসব অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছিল।
তার এই আকস্মিক বদলিকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয়দের আশা, এতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরবে এবং জনদুর্ভোগ কমবে। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, কাজের গতি, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা কাটাতে কালিশুরী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিলকে কাছিপাড়ার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে কনকদিয়া ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে অনুলিপি পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।