
বিলাইছড়ি প্রতিনিধি।
আগামী ২৭ জানুয়ারি কেংড়াছড়িতে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের বিশাল গণসংযোগ কর্মসূচি সফল করতে ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে নিবিড় প্রস্তুতিমূলক প্রচারণা শুরু হয়েছে। ২৩ জানুয়ারি থেকে ইউনিয়নের প্রতিটি বাজার, পাড়া ও মহল্লায় এই প্রচার কার্যক্রম জোরদার করা হয়। স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষের বার্তা নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং আগামী ২৭ তারিখের ওই কর্মসূচিতে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করছেন।
এই প্রচারণার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘ফেমিলি কার্ড’ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা। রাষ্ট্র কর্তৃক প্রতিটি পরিবারের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার এই যুগান্তকারী পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার করা হচ্ছে। ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠী নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সমর্থন ও দোয়া কামনার মাধ্যমে এই নিবিড় গণসংযোগ কর্মসূচি পরিচালিত হচ্ছে, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।
২৭ তারিখের ওই বিশাল গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে বর্তমানে প্রতিটি মহল্লায় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে ফেমিলি কার্ডের বিশেষ গুরুত্ব তুলে ধরার ফলে স্থানীয় ভোটারদের মধ্যে প্রার্থীর প্রতি ব্যাপক জনসমর্থন ও ইতিবাচক সাড়া পরিলক্ষিত হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, ২৭ তারিখের এই কর্মসূচির মাধ্যমে কেংড়াছড়িতে ধানের শীষের প্রার্থীর পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হবে।