
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার সাভারের আশুলিয়ায় জনবসতিপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই খনন করা প্রায় ৬০ ফুট গভীর একটি কূপে পড়ে গুরুতর আহত হয়েছে ১০ বছর বয়সী শিশু তানভীর। তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক উদ্ধারকারী অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া সিরু মার্কেট রোডের অগ্রগতি স্কুলের উত্তর পাশ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোনো ধরনের ঢাকনা, নিরাপত্তা বেষ্টনী বা সতর্কীকরণ চিহ্ন ছাড়াই একটি গভীর কূপ খনন করা হয়। সন্ধ্যায় খেলাধুলার সময় অসাবধানতাবশত মো. তানভীর (১০) ওই কূপে পড়ে যায়।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। উদ্ধারকারী সাদ্দাম হোসেনসহ স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় সাদ্দাম হোসেনও কূপের ভেতরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকেও উদ্ধার করে তানভীরের সঙ্গে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে আশুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদুজ্জামান, এসআই তালেব, এসআই কুদ্দুসসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কূপটির মুখে কোনো ঢাকনা, বেড়া বা সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে অরক্ষিত অবস্থায় গভীর কূপ খনন চরম অবহেলার শামিল।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিভিন্ন স্থানে অবৈধভাবে গভীর কূপ খনন করা হচ্ছে। প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ অব্যাহত রয়েছে। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর থেকে কূপ খননের সঙ্গে সংশ্লিষ্ট বাড়ির মালিক মো. জাফর শেখকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা শিশু ও আটকে পড়া উদ্ধারকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
সরকারি রাস্তার পাশে এ ধরনের কুপখননে ইউনিয়ন পরিষদের কোন বৈধ অনুমোদন আছে কিনা ,ও এই দুর্ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. আফজাল হোসেনকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকাজ শেষ হওয়ার প্রায় ১০ মিনিট পরে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলমান থাকা, রাস্তার পাশে ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং ব্যাটারিচালিত অটোরিকশার কারণে সৃষ্ট তীব্র যানজটের জন্য ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে।
স্থানীয়দের দাবি, জননিরাপত্তার স্বার্থে সরকারি রাস্তার পাশে অবৈধভাবে খনন করা সব গভীর কূপ দ্রুত বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।