
রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কথিত মাদককারবারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী-কাঠিকুল পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কাঠিকুল গ্রামের আবুল প্যাদার ছেলে সাইফুল ইসলাম (২৮) এবং আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ইরান (৪৫)-কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে দাবি পুলিশের।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।